মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
ফাইল ছবি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হয়ে সায়ের উদ্দিন প্রামাণিক (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী বাজারে এ দুর্ঘটনা ঘটে। বিকেলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সায়ের উদ্দিন প্রামাণিক মাদারগঞ্জ পৌরসভার বালিজুড়ী নামাপাড়া এলাকার মৃত মোনাজ উদ্দিন প্রামাণিকের ছোট ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে বালিজুড়ী বাজারে 'হাফিজুর ক্রোকারিজ'-এর সামনে রাস্তা পার হচ্ছিলেন সায়ের উদ্দিন। এ সময় দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তার মাথা ও কানে গুরুতর আঘাত লাগে। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রথমে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলের দিকে তিনি মারা যান।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশীষ রায় জানান, অটোরিকশার ধাক্কায় আহত হয়ে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।