হৃদরোগে মারা গেলেন বিসিবি কোচ মোসাদ্দেক হোসেন

হৃদরোগে মারা গেলেন বিসিবি কোচ মোসাদ্দেক হোসেন

ছবি: সংগৃহীত

ক্রিকেট অঙ্গনে হঠাৎ করেই শোকের ছায়া নেমে এসেছে। ঢাকা জেলা দলের কোচ মোসাদ্দেক হোসেন ছোটন আর নেই। শনিবার সকালে রাজধানীতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৪২ বছর।

দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের সঙ্গে জড়িত ছিলেন এই কোচ। ২০১১ সালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) যোগ দিয়ে তিনি অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বিভাগীয় দলগুলোর পাশাপাশি যুব ক্রিকেট লিগের (ওয়াইসিএল) কোচিং প্যানেলে দায়িত্ব পালন করেন। ঢাকা জেলা দলের কোচ হওয়ার আগে তিনি ঢাকা মেট্রোর সহকারী কোচ হিসেবেও কাজ করেছেন।

সাম্প্রতিক সময়ে রবি বোলার হান্ট প্রতিযোগিতার ঢাকা ও চট্টগ্রাম পর্বে বিচারকের দায়িত্বও পালন করেন মোসাদ্দেক। তিনি বিসিবি-এসিসি লেভেল-২ সনদপ্রাপ্ত কোচ ছিলেন।

তাঁর মৃত্যুর খবর পেয়ে বিসিবি গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় সংস্থাটি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।