তিন বছরের মধ্যে সড়কে খানাখন্দ হলে দায় ঠিকাদারের: এমপি জয়নুল

তিন বছরের মধ্যে সড়কে খানাখন্দ হলে দায় ঠিকাদারের: এমপি জয়নুল

ছবি: সংগৃহীত

 

সড়ক নির্মাণের তিন বছরের মধ্যে খানাখন্দ সৃষ্টি হলে সংশ্লিষ্ট ঠিকাদারকে দায় নিতে হবে বলে জানিয়েছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন। তিনি বলেন, নির্মাণকাজের মান নিশ্চিত করতে ঠিকাদারদের জবাবদিহির আওতায় আনা হবে। এ ক্ষেত্রে ঠিকাদারের জামানতের অর্থও ফেরত দেওয়া হবে না বলে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশালের বাবুগঞ্জে রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আধুনিকায়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য জয়নুল আবেদীন বলেন, সড়ক নির্মাণকাজের জন্য ১ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম যাতে না হয়, সে জন্য ঠিকাদারদের জবাবদিহি নিশ্চিত করা হবে।

তিনি বলেন, বিগত ১৭ বছরে বাবুগঞ্জ উপজেলায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। ফলে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হয়েছে এ অঞ্চলের মানুষকে। বর্তমান সরকার গ্রামীণ জনপদের যোগাযোগব্যবস্থার উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে বাবুগঞ্জ ও মুলাদী এলাকার সড়ক যোগাযোগ উন্নয়নে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

জয়নুল আবেদীন আরও বলেন, শিগগিরই মীরগঞ্জ-মুলাদী সেতুর নির্মাণকাজ শুরু হবে। এ ছাড়া ভবিষ্যতে কেদারপুর-বাবুগঞ্জ সেতু এবং জাহাঙ্গীর ইউনিয়ন থেকে কেদারপুর হয়ে সন্ধ্যা নদীর ওপর সংযোগ সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এসব প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে বরিশালসহ আশপাশের এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি ভাঙ্গা থেকে বরিশাল পর্যন্ত ছয় লেনের সড়ক নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে বলেও জানান সংসদ সদস্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আধুনিকায়ন প্রকল্পের আওতায় সড়কটির বিভিন্ন স্থানে ডিবিএস ওয়্যারিং কোর্সের মাধ্যমে সারফেসিং, রিটেইনিং ওয়াল নির্মাণ ও স্লোপ প্রোটেকশনের কাজ করা হবে। এসব কাজ সড়কের স্থায়িত্ব বাড়ানোর পাশাপাশি নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্যসচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম ফকির, আব্দুল করিম হাওলাদার, কাজী নজরুল ইসলাম মিরন, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল ও দুলাল চন্দ্র সাহা।