রিসোর্টে অগ্নিকাণ্ড: এখনো খোঁজ মেলেনি দুইজনের

রিসোর্টে অগ্নিকাণ্ড: এখনো খোঁজ মেলেনি দুইজনের

প্রতিকি ছবি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, এখনো দুজন নিখোঁজ রয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তে প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। প্রায় তিন ঘণ্টা পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার রাত ৮টার দিকে উদ্ধার হওয়া ১০টি মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে হস্তান্তর করে সদর থানা পুলিশ।

এ সময় খালিদ নামের এক ব্যক্তি জানান, উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে তাঁর চারজন আত্মীয় রয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। অন্যদিকে ঢাকা জেলা ছাত্রদলের সহসভাপতি ফয়সাল জানান, তাঁর স্ত্রী মুক্তার মরদেহ এখনো বুঝে পাননি তিনি।

কক্সবাজারের জেলা প্রশাসক আ. মান্নান জানিয়েছেন, নিহতদের পরিচয় শনাক্তে প্রয়োজন হলে ডিএনএ পরীক্ষা করা হবে।