পটুয়াখালীতে ৮শ’ জেলে পরিবারের মাঝে চাল বিতরণ
সংগৃহীত
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের ৮শ’ জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর ২টায় ধুলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলেদের হাতে চাল তুলে দেন, পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
ধুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলে জেলেদের সরকারি সহায়তা প্রদানের ক্ষেত্রে দলীয় বা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হয়নি। প্রকৃত জেলেদের চিহ্নিত করে তাদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। পর্যায়ক্রমে আরও জেলেকে এ সহায়তার আওতায় আনা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা আনিচুর রহমান, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।