কোচিং সেন্টার থেকে ফেরার পথে স্কুলছাত্রী নিখোঁজ, অপহরণের অভিযোগ
প্রতিকি ছবি
চট্টগ্রাম নগরীতে কোচিং সেন্টার থেকে বাসায় ফেরার পথে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। নিখোঁজের ঘটনায় কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শিক্ষার্থীর অভিভাবক। তাকে উদ্ধারে কাজ করছে পুলিশ।
গত শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নগরীর জামালখানের একটি কোচিং সেন্টার থেকে বাসায় ফেরার পথে নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। সে নগরীর কদম মোবারক সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সঙ্গে রহমতগঞ্জ এলাকায় থাকত সে।
নিখোঁজ শিক্ষার্থীর বাবা আব্বাস উদ্দীন অভিযোগ করেন, শুক্রবার বিকেলে কোচিং সেন্টার থেকে ফেরার পথে এক নারী তাঁর মেয়ের নাকে স্প্রে করে তাকে নিয়ে যান। ওই দিন রাতেই কোতোয়ালী থানায় জিডি করা হয়। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।
আব্বাস উদ্দীন জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে একটি মুঠোফোন নম্বর থেকে তাঁর কাছে কল আসে। তখন মেয়ের সঙ্গে কথা হয় তাঁর। এ সময় কান্নাকাটি করে মেয়েটি জানায়, তাকে অপহরণ করা হয়েছে এবং মারধর করা হয়েছে। শুক্রবার থেকে সে ঘুমের মধ্যে ছিল বলেও জানায়। তাকে একটি কক্ষে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করে সে। তবে যে নম্বর থেকে কল এসেছিল, রবিববার ভোরের পর সেটি বন্ধ পাওয়া যায়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় জিডি হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে উদ্ধারের চেষ্টা চলছে। দ্রুত তাকে উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ। অপহরণের বিষয়টি নিশ্চিত হলে এ ঘটনায় মামলা করা হবে। জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে