সাতকানিয়ায় পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ৪
প্রতিকি ছবি
চট্টগ্রামের সাতকানিয়ায় মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে মো. রিয়াজ (২১) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) সাতকানিয়া, লোহাগাড়া ও পটিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. অনিক হাসান (২৪), ফরহাদুল ইসলাম (২৩), সাইমন উদ্দিন শাকিল (২৫) ও কামরুল হাসান (১৭)।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সাতকানিয়া সদর ইউনিয়নের শাহ মজিদিয়া মার্কেট এলাকায় একটি দোকানের সামনে মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে কয়েকজন মিলে রিয়াজকে মারধর করেন। এতে তাঁর মাথা, নাক, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে লোহাগাড়া উপজেলার পদুয়া হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার সকালে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা রোজিনা আক্তার বাদী হয়ে সাতকানিয়া থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আলীম জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার পর আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারেও পুলিশ কাজ করছে।