নাটোরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ভারতীয় সহকারী হাইকমিশনার
ছবি: সংগৃহীত
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমার। রবিবার দুপুরে নাটোর শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে শ্রী মনোজ কুমার বলেন, এখানে এসে ভালো লাগছে। এখানে পূজা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পালন করা হচ্ছে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এখানকার এমপি জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু টিম নিয়ে সব মন্দির দেখভাল করছেন। নাটোরের মানুষ অনেক শান্তি প্রিয়। হুইপ দুলুর এমন সুন্দর তৎপরতায় আমি মুগ্ধ।
এসময় এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, স্বাধীনতার পরে এমন উৎসবমুখর পরিবেশে আর কখনো পূজা উদযাপন হয়নি। গতবারের চেয়ে এবার ৩৫টি মন্দিরে পূজা বেশি হচ্ছে। অতীতের চেয়ে হিন্দুরা এখন নিরাপদ। আমাদের কোনো ভেদাভেদ থাকবে না। আমরা বাংলাদেশি-এটাই আমাদের পরিচয়। পূজা শেষ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকবো।
এর আগে, সহকারী হাইকমিশনার দুপুর সাড়ে ১২টার দিকে নাটোরে পৌঁছান। পরে রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে সাথে নিয়ে শহরের শ্রী শ্রী বৃন্দাবন বিহারী জিউ আখড়া পূজামণ্ডপ, বৈকালী পূজামণ্ডপসহ শহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।