সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরে তথ্যের ঘাটতি ছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি সংগৃহীত।
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে তথ্য আদান-প্রদানে ঘাটতি ছিল বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর। এ ঘটনায় বিস্তারিত জানতে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
হুমায়ুন কবীর বলেন, সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ঠিক কী ঘটেছিল এবং কেন আগে থেকে বাংলাদেশকে তথ্য জানানো হয়নি, তা জানতে চাওয়া হয়েছে। অপরাধের ধরন যা-ই হোক না কেন, বন্ধুপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশকে বিষয়টি জানানো যেত বলে মন্তব্য করেন তিনি।
তিনি জানান, ঘটনার বিস্তারিত ব্যাখ্যা চেয়ে রোববার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ।
এদিকে, কাতারে বাংলাদেশের সাবেক বিমানবাহিনী প্রধানকে আটকের খবর নিয়েও সাংবাদিকেরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চান।
এ সময় তিনি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে দুর্নীতি, চুরি ও অর্থপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনতে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে। অপরাধীরা যেখানেই পালিয়ে থাকুক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।