ফিফা সভাপতিকে ২ নভেম্বর পর্যন্ত সময় দিলো উয়েফা
ছবি: সংগৃহীত
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে গুরুত্বপূর্ণ নথি প্রকাশ এবং বিতর্কিত কয়েকটি বিষয়ে জবাব দেওয়ার জন্য ২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে উয়েফা। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে ওঠা প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর চায় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
গত বৃহস্পতিবার ফিফা কাউন্সিলের সভায় বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব নিয়ে বিতর্কিত পরিকল্পনার জন্য দুঃখ প্রকাশ করেন ইনফান্তিনো। তবে কীভাবে ওই পরিকল্পনা তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি। এরপরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর না পাওয়ায় ফিফার কাছে লিখিতভাবে ব্যাখ্যা চেয়েছে উয়েফা।
বিবিসি স্পোর্টস জানিয়েছে, উয়েফার মহাসচিব থিওদোর থিওদোরিদিসের চিঠিতে বলা হয়েছে, ফিফা এখনো মৌলিক কিছু প্রশ্নের উত্তর দেয়নি এবং চাওয়া নথিপত্রও সরবরাহ করেনি। আট পৃষ্ঠার ওই চিঠিতে ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রকল্পে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা, ফিফা শান্তি পুরস্কার এবং বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের নিষেধাজ্ঞা স্থগিতের মতো বিষয়গুলো তুলে ধরা হয়েছে।
এফএফই প্রকল্পের মাধ্যমে বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ইনফান্তিনো। বিষয়টি প্রকাশ্যে আসার পর ফিফার ভেতরে ও বাইরে সমালোচনা শুরু হয়। পরে পরিকল্পনাটি বাতিল করা হলেও কীভাবে সিদ্ধান্তটি নেওয়া হয়েছিল এবং কেন ফিফা কাউন্সিলকে যথাসময়ে সম্পৃক্ত করা হয়নি, সে বিষয়ে ব্যাখ্যা দাবি করছে উয়েফা।
চিঠিতে থিওদোরিদিস আরও বলেছেন, কোনো নথি বা তথ্য প্রকাশ করতে না চাইলে তার নির্দিষ্ট কারণ আলাদাভাবে জানাতে হবে। ভবিষ্যতে প্রশাসনিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে অতীতে নেওয়া সিদ্ধান্তের জবাবদিহি এড়ানো যাবে না বলেও উল্লেখ করেছেন তিনি।
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও ফিফার সহসভাপতি ডেবি হিউইটও ইনফান্তিনোর সমালোচনা করেছেন। তার ভাষায়, 'তিনি যদি এসব প্রশ্নের উত্তর না দেন, তাহলে তিনি ফিফা সভাপতি হওয়ার যোগ্য নন।'
২ নভেম্বরের মধ্যে ফিফা জবাব না দিলে উয়েফা কী পদক্ষেপ নেবে, তা এখনো স্পষ্ট নয়। তবে বিষয়টি ঘিরে ফিফার নেতৃত্ব ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে দুই সংস্থার মধ্যে টানাপোড়েন আরও বাড়তে পারে।