হিংসা-বিদ্বেষ নয়, ঐক্যেই গড়ব সমৃদ্ধ ফটিকছড়ি : সরোয়ার আলমগীর

হিংসা-বিদ্বেষ নয়, ঐক্যেই গড়ব সমৃদ্ধ ফটিকছড়ি : সরোয়ার আলমগীর

ছবি: সংগৃহীত

 

 

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য ও বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, কোনো বিরোধ নয়, কারও প্রতি হিংসা নয়, বিদ্বেষ নয়— আমরা যদি ঐক্যবদ্ধভাবে থাকি, তাহলে একটি সমৃদ্ধ ফটিকছড়ি গড়ে তুলতে পারব। 

 

সোমবার বিকেল ৫টায় প্রবারণা পূর্ণিমা-২০২৬ উপলক্ষে ফটিকছড়ির ৩১টি বৌদ্ধ বিহারে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সরোয়ার আলমগীর বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা আমার জন্য যে কষ্ট করেছেন, তা আমি বিশ্বাস করি। আগামী পাঁচ বছর যদি আমরা এভাবে একসঙ্গে কাজ করতে পারি, তাহলে আশা করি একটি সুন্দর ফটিকছড়ি গড়ে তুলতে পারব।

তিনি এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে সবাইকে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের আয়োজনে উপজেলা হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুই উপজেলার নির্বাহী কর্মকর্তা সাঈদ মো. ইব্রাহীম। প্রকল্প কর্মকর্তা আবু নাছেরের সঞ্চালনায় বক্তব্য দেন ফটিকছড়ি উপজেলা সম্মিলিত বৌদ্ধ সমাজের সভাপতি অঞ্জন কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া, প্রধান উপদেষ্টা দিবাকর বড়ুয়া চন্দ্রন, সাংগঠনিক সম্পাদক সেফু বড়ুয়া অপূর্ব ও নান্ঠু বড়ুয়া।

অনুষ্ঠান শেষে সংসদীয় এলাকার ৩১টি বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের হাতে মোট ১৮ হাজার ৬০০ কেজি চালের ছাড়পত্র তুলে দেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ বিহারগুলোতে আগত ভক্তদের আহারের ব্যবস্থা নিশ্চিত করতে এ চাল বিতরণ কার্যক্রম সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফটিকছড়ির ৩১টি বৌদ্ধ বিহারের প্রতিনিধিদের হাতে চালের ছাড়পত্র তুলে দিচ্ছেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর।