গুলিস্তানে বোমা আতঙ্ক, রহস্যময় বস্তুতে মিলল পুরোনো কাপড় ও পচা ফল
সংগৃহীত ছবি
রাজধানীর গুলিস্তানে একটি পার্কের দক্ষিণ-পূর্ব কোণে বোমাসদৃশ বস্তু ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তুটি পরীক্ষা করে খুললে এর ভেতরে পুরোনো কাপড়-চোপড় ও বিভিন্ন ধরনের পচা ফল পাওয়া যায় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট।
সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে মতিঝিল বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য জানান।
ডিসি মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, রাত সাড়ে ১১টার দিকে মতিউর পার্কের দক্ষিণ-পূর্ব কোণে বস্তুটি দেখতে পাওয়া যায়। খবর পেয়ে থানা পুলিশের পাশাপাশি ঘটনাস্থলে আসে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। বস্তুটি দেখতে বোমার মতো করে তৈরি করে রেখে যাওয়া হয়েছিল।
তবে এর ভেতরে বিস্ফোরকজাতীয় কিছু পাওয়া যায়নি।
তিনি আরো বলেন, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বস্তুটি খুলে দেখেন। এর ভেতরে পুরোনো কাপড়-চোপড় ও বিভিন্ন ধরনের পচা ফল পাওয়া যায়।