পঞ্চগড়ে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সংগৃহীত
পঞ্চগড় জেলায় গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ সোমবার পঞ্চগড় সার্কিট হাউজ কনফারেন্স রুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব আব্দুস সবুর, জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন, পুলিশ সুপার আবু সাইম, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দারসহ অর্ধশত গণমাধ্যম কর্মী।
এ সময় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম বলেন, গণমাধ্যমে অপ-সাংবাদিকতা ও অপপ্রচার বন্ধের পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষায় কাজ করছে প্রেস কাউন্সিল। আমরা সরকারকে অনেকগুলো প্রস্তাবনা দিয়েছি। এসব বাস্তবায়ন হলে গণমাধ্যম ও সাংবাদিককতা পেশায় ব্যাপক পরিবর্তন আসবে।