সমাজের প্রতি ইমামদের দায়িত্ব অনেক বেশি : কেসিসি প্রশাসক
সংগৃহীত
খুলনা সিটি কর্পোরেশেনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ইমামগণ মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। আর তাই সমাজের প্রতি ইমামদের দায়িত্বও অনেক। উন্নয়ন পরিকল্পনা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ছাড়াও যে কোন সামাজিক অবক্ষয় রোধ এবং সমাজের মানুষের মধ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন।
এছাড়া জাতীয় যে কোন দুর্যোগের বিষয়ে সঠিক বার্তা জনগণের কাছে সহজে পৌঁছে দিতে খুলনা সিটি কর্পোরেশন সবসময় ইমামদের সহযোগিতা নিয়ে থাকে।
সোমবার সকালে নগরীর বয়রাস্থ ইমাম প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বর্তমান সরকার কর্তৃক ইমামদের ভাতার আওতায় আনার পদক্ষেপকে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, নগরীতে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে নগরবাসীর মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতিকর প্রভাব মোকাবেলায় পর্যাপ্ত বৃক্ষরোপণে জনসাধারণকে উৎসাহ প্রদানে ইমামদের ভূমিকা রয়েছে। একইসাথে সমাজের নেতা হিসেবে দেশের উন্নয়নে সঠিক তথ্য প্রচার ও জনগণের বিভ্রান্তি দূর করতে কাজ করার অনুরোধ জানান তিনি।
ইমাম প্রশিক্ষণ একাডেমি ১২২৭তম দলের জন্য এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমি-খুলনার উপ পরিচালক কৃষিবিদ এবিএম তবিবুর রহমান।
এতে বিশেষ অতিথি ছিলেন, ইসলামিক ফাউন্ডেশন-খুলনার বিভাগীয় পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, স্বাস্থ্য প্রশিক্ষক কাম মেডিকেল অফিসার ডা. আবুল কাশেম মো. মোস্তফা, সহকারী পরিচালক আল ফারুক, প্রশিক্ষণার্থী দের মধ্য থেকে বক্তৃতা করেন ইমাম মো: আব্দুল্লাহ।
উল্লেখ্য, নিয়মিত ১২২৭তম এ প্রশিক্ষণে খুলনা বিভাগের ৭টি জেলার ১’শ ২ জন ইমাম অংশগ্রহণ করেন।