কালিগঙ্গায় ট্রলার ডুবি: শিশু অর্পিতার মরদেহ উদ্ধার, মা এখনো নিখোঁজ
ছবি: সংগৃহীত
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী কালিগঙ্গা নদীতে ট্রলারডুবির ঘটনায় আট বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির মা এখনো নিখোঁজ রয়েছেন। দুর্গাপূজার আনন্দ শেষে বাড়ি ফেরার পথে এমন দুর্ঘটনায় পরিবারটির আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম অর্পিতা বেপারী। তার মা রিনা বেপারীর বয়স ৩৯ বছর। তারা নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের ভরতকাঠী গ্রামের বাসিন্দা। তাদের পরিবারের সদস্য শংকর বেপারী ঢাকার একটি প্রতিষ্ঠানে নিরাপত্তাপ্রহরী হিসেবে কাজ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলেন শংকর বেপারী। সোমবার রাতে শ্রীরামকাঠী এলাকায় প্রতিমা দর্শন ও পূজা শেষে স্ত্রী ও সন্তানকে নিয়ে ট্রলারে বাড়ি ফিরছিলেন তিনি। ট্রলারটিতে প্রায় ৫০ জন যাত্রী ও আটটি মোটরসাইকেল ছিল। পথে কালিগঙ্গা নদীতে ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার পর ট্রলারে থাকা অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে নিখোঁজ হন অর্পিতা ও তার মা রিনা বেপারী। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই দফা অভিযান চালিয়ে অর্পিতার মরদেহ উদ্ধার করে। রিনা বেপারীর সন্ধানে উদ্ধার অভিযান চালানো হয়।