মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
প্রতিকি ছবি
রাজধানীর মহাখালী রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় রায়হান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত রায়হানের গ্রামের বাড়ি বরিশাল জেলায় বলে জানা গেছে। বর্তমান মহাখালী রেলগেট এলাকায় একটি ম্যাচে থাকো থাকতেন। তিনি মহাখালী রেলগেট এলাকায় ফুটপাতের হোটেল কর্মচারী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হোটেল মালিক নজরুল ইসলাম ও পরিচিত আকাশ হোসেন জানান, সন্ধ্যায় মহাখালী রেলগেট এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বিমানবন্দরগামী চলন্ত ট্রেনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে গুরুতর আহত হয় রায়হান। পরে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল পরে সেখান থেকে তাকে রাতে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে।