রামুতে বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক
সংগৃহীত ছবি
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়ায় বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ মো. রিদুয়ান (২৪) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে গর্জনিয়া বটতলী স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রিদুয়ান গর্জনিয়ার পশ্চিম বোমাংখিল গ্রামের নুরুল আমিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে রামু থানার গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি দল অভিযান চালায়। ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক মো. আনিছুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে রিদুয়ানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, এর আগে রিদুয়ানের বড় ভাই মো. সোহেলের বসতবাড়ি থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছিল। ওই ঘটনার পর থেকে সোহেল বিদেশে পলাতক রয়েছেন বলে জানা গেছে।
অভিযানের সত্যতা নিশ্চিত করে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক মো. আনিছুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করা হয়েছে। এসময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, এ ঘটনায় নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে।