খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
প্রতিকী ছবি
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় আজ পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক এবং দুই মোটরসাইকেল আরোহীসহ মোট তিনজন নিহত হয়েছেন।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া উপজেলার আঠারমাইল এলাকায় আজ বুধবার দুপুর আড়াইটায় এবং মঙ্গলবার দিবাগত বুধবার রাত দেড়টায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ক্রাউন সিমেন্ট কোম্পানির ট্রাকচালক মুন্সীগঞ্জ জেলার মোক্তারপুর গ্রামের জিন্নাত মিয়া (৩৫) এবং মোটর সাইকেলের আরোহী খুলনা জেলার ডুমুরিয়ার নরনিয়া গ্রামের আব্দুর রউফ গাজী (৪৩) ও ইউনুস সরদার (২৫)।
হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আড়াইটার দিকে সাতক্ষীরা থেকে সিমেন্ট খালাস করে ক্রাউন সিমেন্ট কোম্পানির একটি ট্রাক খুলনায় ফিরছিল। পথিমধ্যে খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকটি সড়কের পাশে এবং বাসটি রাস্তার পাশেমর খাদে ছিঁটকে পড়ে। এ দুর্ঘটনায় ট্রাকচালক জিন্নাত মিয়া গুরুতর আহত হন। গুরুতর অবস্থায় জিন্নাত মিয়াকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর আগে, মঙ্গলবার দিবাগত বুধবার রাত দেড়টার দিকে ডুমুরিয়া উপজেলায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুর রউফ গাজী ও ইউনুস সরদার নিহত হন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী আব্দুর রউফ গাজী খুলনার চুকনগর বাজারের মাছের আড়তদার ছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে আড়তের কর্মচারী ইউনুসকে সঙ্গে নিয়ে মাছচাষিদের বকেয়া টাকা পরিশোধ করতে চুকনগর বাজারে যান তিনি। কাজ শেষে রাত দেড়টার দিকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ডুমুরিয়ার আঠারমাইল বাসস্ট্যান্ডের কাছে ঢাকা থেকে সাতক্ষীরাগামী ইমাদ পরিবহনের একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আব্দুর রউফ গাজী ও ইউনুস সরদার সড়কে ছিঁটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই নিহত হন।
তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি পারভেজ আহমেদ জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।