সাঁথিয়ায় এনসিপি নেতার ফেইসবুকে আগ্নেয়াস্ত্র প্রদর্শন
ছবিঃ সংগৃহীত
পাবনার সাঁথিয়া পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব মুজাহিদ ফকিরের ফেইসবুক স্টোরিতে একটি আগ্নেয়াস্ত্র প্রদর্শনের ভিডিও ছড়িয়ে পড়ায় জেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ভিডিওটি আপলোড করার প্রায় এক ঘণ্টা পর তা মুছে ফেলা হলেও, ইতোমধ্যে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা ওই নেতার আচরণ নিয়ে তীব্র সমালোচনা করে শাস্তির দাবি জানিয়েছেন। তবে ভিডিও টা এ আই দিয়ে বানানো বলেও দাবি করছেন এনসিপি অন্য নেতাকর্মীরা।
ভিডিওটিতে দেখা যায়, দুজন ব্যক্তির হাত ও পায়ের অংশ দৃশ্যমান। এদের মধ্যে একজন মেঝতে একটি আগ্নেয়াস্ত্র রাখার পর অন্যজন সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করছেন। তবে ভিডিওতে কারও মুখমণ্ডল স্পষ্ট নয়।
এ বিষয়ে সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম উদ্বেগ প্রকাশ করে বলেন, "এ ধরনের অস্ত্র প্রদর্শন জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে করা হচ্ছে। কিছুদিন আগে সাবেক এক প্রতিমন্ত্রী এমন ঘটনায় পদ হারিয়েছেন। মুজাহিদ ফকিরসহ কয়েকজন রাজনৈতিক নেতা হয়ে ঘনঘন এমন পোস্ট দিচ্ছেন। শান্তিশৃঙ্খলা রক্ষায় দ্রুত প্রশাসনের আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।"
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, "মুজাহিদ ফকির এর আগেও ফেইসবুকে এমন ছবি-ভিডিও প্রকাশ করেছিলেন, যা পরে খেলনা পিস্তল হিসেবে প্রমাণিত হয়। তবে সদ্য প্রকাশিত ভিডিওটি আসল অস্ত্রের কি না, তা পুলিশ খতিয়ে দেখছে।"
ওসি আরও জানান, ভিডিওর অস্ত্রটি আসল হলে তার বৈধতা এবং জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে পোস্ট দেওয়া হয়েছে কি না, সেসব বিষয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে সাঁথিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক মো. বকুল জানান, তিনি বিষয়টি লোকমুখে শুনেছেন তবে ভিডিওটি দেখেননি। মুজাহিদের ফোন বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। ঘটনার বিস্তারিত জেনে পরবর্তীতে মন্তব্য করবেন বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে বক্তব্যের জন্য মুজাহিদ ফকিরের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।