ধর্মীয় সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান
ফাইল ছবি
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ধন্যবাদ জানান চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্যসচিব নাজিমুর রহমান।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের অন্যতম অগ্রাধিকার হলো সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা। ধর্মীয় পরিচয় ভিন্ন হতে পারে, কিন্তু দেশ ও জাতীয় পরিচয় অভিন্ন।
পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে একটি প্রগতিশীল, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
নেতৃবৃন্দ আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য।
এ ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে যেকোনো ধরনের সাম্প্রদায়িক উসকানি, বিদ্বেষ ও অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
এবারের শারদীয় দুর্গোৎসব সুন্দর, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করার ক্ষেত্রে বিএনপির নেতাকর্মী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চট্টগ্রাম সিটি করপোরেশন, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পূজা উদ্যাপন কমিটি এবং সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতার কথা উল্লেখ করেন তারা।