২৫ হাজার মিটার অবৈধ জাল জব্দ
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট ও ইলিশ জাল জব্দ করা হয়েছে। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৫০ হাজার টাকা। পরে জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার ভাটিয়ারী ও সলিমপুর মাছঘাট এবং উপকূলীয় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য দপ্তর ও বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য কর্মকর্তা মুনতাসির বিল্লাহ।
সীতাকুণ্ড উপজেলার মৎস্য কর্মকর্তা মুনতাসির বিল্লাহ বলেন, অবৈধ কারেন্ট ও ইলিশ জালের ব্যবহার মৎস্যসম্পদের জন্য ক্ষতিকর। মাছের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষা এবং মৎস্যসম্পদ সংরক্ষণে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।