ভারত-চীন সীমান্তে ফের উত্তেজনা
ছবিঃ সংগৃহীত
ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তে ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে একাধিকবার মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) মহাপরিচালক শত্রুজিৎ কাপুর।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভারত-তিব্বত সীমান্ত পুলিশ বাহিনীর মহাপরিচালক শত্রুজিৎ কাপুর আইটিবিপির এক বার্ষিক অনুষ্ঠানে দেশটির গণমাধ্যমকে এ তথ্য জানান।
শত্রুজিৎ কাপুর বলেন, সীমান্তের একাধিক স্থানে দুই দেশের সেনাদের মধ্যে মুখোমুখি অবস্থানের পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। গত জুলাইয়ে তাকসিং এলাকায় ভারতীয় সেনাদের নিয়মিত টহল পয়েন্টে চীনা সেনাদের বাধা দেওয়ার পর পরিস্থিতির অবনতি ঘটে বলেও জানান তিনি।
সীমান্তে দায়িত্ব পালনের পাশাপাশি বাহিনীর সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন আইটিবিপি প্রধান। তিনি জানান, উচ্চ পার্বত্য এলাকায় যুদ্ধের জন্য বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সেনাদের। পাশাপাশি সীমান্তের প্রতিটি ইউনিটে ড্রোন প্লাটুন মোতায়েন এবং ভূগর্ভস্থ অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে।