নাসিরনগরে রত্না হত্যায় স্বামী গ্রেফতার
প্রতিকি ছবি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গৃহবধূ রত্না রাণী দাশকে হত্যার পর মরদেহ গুমের অভিযোগে তার স্বামী সুশীল দাশকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া (কুড়ের পাড়) এলাকা থেকে সুশীলকে গ্রেফতার করা হয়। তিনি ওই এলাকার মৃত মহরলাল দাশের ছেলে এবং মামলার এজাহারনামীয় এক নম্বর আসামি।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ৯ বছর আগে সুশীল দাশের সঙ্গে রত্না রাণী দাশের বিয়ে হয়।
তাদের একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের পর থেকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ হতো। মামলায় রত্নাকে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগও আনা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ১৭ অক্টোবর রাতে মেয়েকে নিয়ে খাবার খেয়ে ঘুমাতে যান রত্না।
পরদিন সকালে তাকে বাড়িতে না পেয়ে তার স্বামী সুশীল দাশ শ্বশুরবাড়ির সদস্যদের জানান এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
এরপর গত ২১ অক্টোবর দুপুরে সুশীলের বসতবাড়ির দক্ষিণ পাশের একটি পুকুর থেকে রত্নার মরদেহ উদ্ধার করা হয়। তার হাত রশি ও কাপড় দিয়ে বাঁধা এবং মরদেহটি বস্তাবন্দি অবস্থায় পাথর দিয়ে চাপা দেওয়া ছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রত্নার ভাই বাদী হয়ে নাসিরনগর থানায় হত্যা মামলা করেন। পরে আসামিদের শনাক্ত ও গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৯। গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯-এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ও জেলা পুলিশের যৌথ দল সুশীলকে গ্রেফতার করে। পরে তাকে নাসিরনগর থানায় হস্তান্তর করা হয়েছে।