আমাদের জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী

আমাদের জীবনের নিরাপত্তা চাই: রবি চৌধুরী

ফাইল ছবি

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় সরগরম সামজিক মাধ্যম। গায়কের সহকর্মী শুভানুধ্যায়ীদের অনেকেই এ নিয়ে উদ্বিগ্ন। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন কণ্ঠশিল্পী রবি চৌধুরী। শিল্পীদের জীবনের নিরাপত্তাও চেয়েছেন সেইসঙ্গে। 

আজ শনিবার নিজের ফেসবুকে একটি পোস্ট করেন রবি। সেখানে ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি জীবনের নিরাপত্তা চান গায়ক। তিনি লেখেন, ‘ঘুম থেকে উঠে দেখলাম,আমার ভাই আসিফ আকবরের গাড়িতে হামলা, আমরা শিল্পীরা মানুষকে জীবন দিয়ে গান শুনিয়ে, জীবন নিতে পারি না, আমরা কি নিরাপদ সবাই, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি নিন্দা জানাচ্ছি,তদন্ত করে বের করা হোক,কারা ঘটিয়েছেন এই ঘটনা, আমরা আমাদের জীবনের নিরাপত্তা চাই।’

এর আগে চিত্রনায়ক ওমর সানি আসিফের গাড়িতে গুলির ঘটনাকে অশুভ সংকেত হিসিবে অভিহিত করে লেখেন, ‘গায়ক আসিফ আকবরের গাড়িতে গুলি করা একটা অশনি সংকেত। এটা হওয়া উচিত না। আসিফ তোমার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ ভালো রাখুন তোমাকে।’

আজ ২৪ অক্টোবর ভোরে ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, সেসময় গাড়ির ভেতরে ছিলেন না আসিফ আকবর। তিনি অক্ষত রয়েছেন। সেই সঙ্গে এই হামলার ঘটনায় দুর্বৃত্তদের পরিচয় ও হামলার উদ্দেশ্য এখনও জানা যায়নি।

এই হামলার সঙ্গে আসিফের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।