নবাবগঞ্জে যুবককে ছুরিকাঘাত করে দুইটি গরু লুট

নবাবগঞ্জে যুবককে ছুরিকাঘাত করে দুইটি গরু লুট

প্রতিকি ছবি

দিনাজপুরের নবাবগঞ্জে সবুজ মিয়া নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে দুটি গরু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। 

শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সবুজ মিয়া মহেশপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, শনিবার ভোরে একদল দুর্বৃত্ত প্রাচীর টপকে সবুজ মিয়ার বাড়ির ভেতরে প্রবেশ করে। গোয়ালঘর থেকে একটি বড় ও একটি ছোট গরু নিয়ে তারা পালানোর চেষ্টা করলে সবুজ মিয়া টের পান। তিনি তাদের আটকাতে এগিয়ে গেলে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। একপর্যায়ে চোরচক্রের সদস্যরা ধারালো অস্ত্র ও ছুরি দিয়ে সবুজ মিয়ার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে।

রক্তাক্ত অবস্থায় সবুজ মিয়ার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসার আগেই, দুর্বৃত্তরা গরু দুটিকে পিকআপভ্যানে তুলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত সবুজ মিয়াকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস। তিনি বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই এলাকার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। আমরা সবরকম প্রচেষ্টা চালাচ্ছি।’