রূপগঞ্জে বিনামূল্যের চক্ষু শিবির, অস্ত্রোপচার হবে শতাধিকের

রূপগঞ্জে বিনামূল্যের চক্ষু শিবির, অস্ত্রোপচার হবে শতাধিকের

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরে প্রায় ৫০০ রোগীর চোখ পরীক্ষা করা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার যাত্রামুড়ায় হাজী মো. এখলাছ উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ শিবির অনুষ্ঠিত হয়।

রোগীদের চোখ পরীক্ষা করার পর প্রায় ১০০ জনের ছানি অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।   

কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাম্প চেয়ারম্যান লায়ন মোজাম্মেল হক ভূঁইয়া। তিনি বলেন, ‘আমরা চাই, অর্থের অভাবে কোনো মানুষ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না থাকেন। অসহায় মানুষের চোখের চিকিৎসার ব্যবস্থা করে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারলে তারা আবার পৃথিবীর আলো-বাতাস, প্রিয়জনের মুখ এবং চারপাশের সৌন্দর্য দেখতে পারবেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা করি।’

লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টরির প্রেসিডেন্ট লায়ন মীর আবদুল আলিম জানান, চক্ষু শিবিরে প্রায় ৫০০ রোগীর চোখ পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ১০০ জনকে ছানি অস্ত্রোপচারের জন্য নির্বাচিত করার পরিকল্পনা রয়েছে। নির্বাচিত রোগীদের অস্ত্রোপচার, লেন্স সংযোজন, প্রয়োজনীয় ওষুধ ও যাতায়াতের খরচ বহন করা হবে। এর ফলে আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে চোখের চিকিৎসা করাতে না পারা মানুষ উপকৃত হবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫ এ১-এর বাংলাদেশের জেলা গভর্নর লায়ন নওজাত সারওয়াত ইসলাম পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা গভর্নর লায়ন এ কে এম গোলাম ফারুক এমজেএফ এবং প্রথম ভাইস জেলা গভর্নর ডা. আবুল হোসেন খন্দকার। সম্মানিত অতিথি ছিলেন দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন সাবিনা সিদ্দিকুয়া এমজেএফ। এছাড়া ক্লাবের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।