নির্বাচন বিতর্কিত করার চেষ্টা চলছে : মির্জা ফয়সল আমিন
ছবি: সংগৃহীত
নির্বাচন বিতর্কিত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফয়সল আমিন। তিনি বলেন, একটি পক্ষ নিশ্চিত পরাজয়ের আশঙ্কা থেকে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে।
রবিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের চিলারং ইউনিয়নে এক নির্বাচনী সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফয়সল আমিন বলেন, ‘আমরা সুন্দরভাবে একটি নির্বাচন করতে চাই। এখন পর্যন্ত অত্যন্ত সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে। আমরা সবাই শান্তিপ্রিয় মানুষ। শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে চাই।’
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, কোনো পক্ষের উসকানিতে পা না দিয়ে মাথা ঠাণ্ডা রেখে ভোট দিতে হবে। কোনো ধরনের হট্টগোলের প্রয়োজন নেই। সবাই ভোটকেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন বলে প্রত্যাশা করেন তিনি।
বিএনপির এই প্রার্থী আরও বলেন, ‘উসকানি আসতে পারে। মাথা ঠাণ্ডা রেখে ভোট দিতে হবে। আমরা সারা জীবন ভোট দিয়ে এসেছি। এবারও সুন্দরভাবে ভোট দেব এবং আমাদের পছন্দের ব্যক্তিকে বিজয়ী করব। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন।’