নাসিক প্রশাসক সাখাওয়াতের ওপর হকারদের হামলার চেষ্টা
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে।
রবিবার রাতে শহরের বঙ্গবন্ধু সড়ক ও শায়েস্তা খান সড়কে হকার উচ্ছেদ অভিযানের সময় এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু উচ্ছেদ কর্মীদের নিয়ে হকার উচ্ছেদ করতে আসেন। উচ্ছেদের এক পর্যায়ে হকাররা ক্ষিপ্ত হয়ে যান। সেই সাথে সাখাওয়াত হোসেন খানকে ঘিরে ধরেন। উচ্ছেদ কর্মীদের মারধর করতে থাকেন। পরে পুলিশ ঘটনাস্থলে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জীবন নামে এক হকার বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক আমাদের কোনো রকমের নোটিশ না দিয়ে রাতে উচ্ছেদ অভিযান করতে আসে। আমিসহ অন্যান্য হকারদের ওপরও হামলা চালিয়েছে। আমি এই ঘটনার বিচার চাই।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, নাসিক প্রশাসক উচ্ছেদ অভিযান চালাতে গিয়েছিলেন। তবে এ বিষয়ে প্রশাসন বা পুলিশকে জানানো হয়নি। অভিযান শেষে হকারদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে নাসিক প্রশাসক বাসায় অবস্থান করছেন।
নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, আমি উচ্ছেদ কর্মীদের নিয়ে হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিলাম। এ সময় হকাররা আমাদের উচ্ছেদ কর্মীদের ওপর হামলা করার চেষ্টা করে। তারা আমার সাথে বাকবিতণ্ডা করে। সেই সাথে তারা তাদের মালামাল রাস্তায় ফেলে দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেছিল। পরে আমি সেখান থেকে চলে যাই। বর্তমানে আমি বাসায় অবস্থান করছি।