লক্ষ্মীপুরে মাদক কারবারিকে গলা কেটে হত্যা
ছবি সংগৃহীত।
লক্ষ্মীপুরে জাকির হোসেন জুয়েল নামে এক যুবককে গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার ঘটনা ঘটেছে।
এলাকায় তার বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে। মাদক ব্যবসাসংক্রান্ত বিরোধ থেকেই হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
সোমবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১টায় সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের পূর্ব নন্দনপুর গ্রামের ডিপুটি বাড়ি এলাকার একটি সুপারি বাগান থেকে জুয়েলের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, এর আগে রাত ১১টার দিকে তাকে হত্যা করে মরদেহ বাগানে ফেলে রাখা হয়।
নিহত জুয়েল পূর্ব নন্দনপুর এলাকার তোফায়েল আহমেদের ছেলে। তাঁর বিরুদ্ধে অস্ত্র ও মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জুয়েলের গলায় ধারাল অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার পর মরদেহ সুপারি বাগানে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
স্থানীয় লোকজন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এলাকায় তার বিরুদ্ধে ইয়াবা বিক্রির অভিযোগ থাকায় মাদকসংক্রান্ত বিরোধকে হত্যাকাণ্ডের সম্ভাব্য কারণ হিসেবে বিবেচনা করছে পুলিশ।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, কিছুদিন আগে জুয়েল মাদক মামলায় জামিন পেয়েছিলেন। মাদক নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।