গাংনীতে নতুন ভোটারদের ছবি তোলা বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ
ছবি: সংগৃহীত
মেহেরপুরের গাংনী উপজেলায় নতুন ভোটার হতে এসে ভোগান্তিতে পড়ছেন বিভিন্ন এলাকার মানুষ। আগামী ২ নভেম্বর পর্যন্ত নতুন ভোটারদের ছবি তোলা হবে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা।
এতে দূরদূরান্ত থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে এসেও ছবি না তুলে বাড়ি ফিরতে হচ্ছে আবেদনকারীদের। ভোগান্তিতে পড়ছেন বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও।
তবে মেহেরপুর জেলা ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দাবি নতুন ভোটর দের ছবি তোলা চলমান রয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, নির্বাচন অফিসে ফাইল জমা নেওয়ার পর ছবি না তুলেই বাড়ি ফিরে যেতে বলা হচ্ছে। পরে ফোন করে ছবি তোলার তারিখ জানানো হবে বলে
জানানো হয়েছে। ফলে একই কাজের জন্য আবারও যাতায়াত করতে হচ্ছে তাঁদের।
শিক্ষার্থীরা জানান, পড়াশোনার কারণে বারবার বাড়িতে আসা সম্ভব হয় না। ছবি তোলার কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি আগে জানানো হলে তাঁদের সময় ও অর্থের অপচয় হতো না। সরকারি কোনো লিখিত নির্দেশনা ছাড়া ছবি তোলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তা সেলিম রেজা জানান, আগামী ২ নভেম্বরের আগে নতুন ভোটারদের ছবি তোলা সম্ভব নয়। তবে এর কারণ সম্পর্কে তিনি স্পষ্ট ব্যাখ্যা দেননি।
মেহেরপুর জেলা নির্বাচন কর্মকর্তা একরামুল হক জানান, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সাল কাদের বলেন, নতুন ভোটারদের ছবি তোলার কার্যক্রম চলমান রয়েছে। গাংনীতে কেন ছবি তোলা বন্ধ, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।