কাকপ্রেমী ভাবনা : আমার ছবি, কবিতা ও শব্দে কাকেরা বেঁচে থাকবে

কাকপ্রেমী ভাবনা : আমার ছবি, কবিতা ও শব্দে কাকেরা বেঁচে থাকবে

ফাইল ছবি

অভিনেত্রী হিসেবেই পরিচিত আশনা হাবিব ভাবনা। তবে এর বাইরেও তার নানা গুণ রয়েছে। নৃত্যে তার অসামান্য দখল আছে। ছবি আঁকা ও লেখালেখিতেও সিদ্ধহস্ত তিনি। প্রায়ই নিজের আঁকা ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।

সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে একটি চিত্র পোস্ট করেছেন ভাবনা। চিত্রটি একটি কাকের। যে প্রাণীকে একসময় এই ঢাকা শহরের অলিগলিতে সবখানে দেখা যেত। এখন প্রায় বিলুপ্ত হয়ে গেছে।

এই ‘হারিয়ে’ যাওয়া প্রাণীকে নিজের সৃষ্টির মধ্য দিয়ে বাঁচিয়ে রাখতে চান ভাবনা। ছবির সঙ্গে এমনই বার্তা দিলেন অভিনেত্রী। ভাবনা বলেন, ‘আমার ছবি, আমার কবিতা, আর আমার রেখে যাওয়া প্রতিটি শব্দে কাকেরা চিরকাল বেঁচে থাকবে। আমি তাদের কথা বলে যাব, তাদের ছবি আঁকব, আমার শিল্পে তাদের জন্য জায়গা করে দেব। কারণ আমি তাদের বিশ্বাস করি, তাদের গভীরভাবে ভালোবাসি। আমাদের দুজনের মধ্যকার নীরব ভাষার কোথাও আমি বিশ্বাস করি, তারাও আমাকে ভালোবাসে।’

ভাবনা স্বপ্ন দেখেন, এমন কোনো শহর হবে, যেখানে কাকেদের হারিয়ে যাওয়ার ভয় থাকবে না। তারা আশ্রয়শূন্য হবে না। ভাবনার ভাষ্য, ‘আমি এমন এক শহরের স্বপ্ন দেখি, যে শহর কেবল কাকদের হবে। যে শহরের আকাশ তাদের, ছাদের কার্নিশগুলো তাদের। যে শহরে তারা নির্ভয়ে বেঁচে থাকতে পারবে, প্রত্যাখ্যাত হওয়ার ভয় ছাড়াই; নিজেদের জন্য একটুখানি জায়গা চেয়ে কাউকে কখনো কিছু বলতে হবে না তাদের।’

এদিকে অভিনয়ে ভাবনা সম্প্রতি শুটিং করেছেন ‘যাযাবর’ সিনেমার। তানবীর হাসানের এই সিনেমায় তার সঙ্গে আছেন আব্দুল নূর সজল, শহীদুজ্জামান সেলিমসহ অনেকে। এছাড়া আরও একাধিক সিনেমা রয়েছে ভাবনার ঝুলিতে।