ডি থ্রি ট্রফিতে রেকর্ড দামে শরিফুল, দুই কোটির ঘরে তাসকিন-তামিম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির খেলোয়াড় নিলামে বড় অঙ্কের পয়েন্টে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিদ হাসান তামিম। তাঁদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে শরিফুলকে দলে নিয়েছে সিটিজেনস ব্যাংক।
অন্যদিকে, তাসকিনকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে কিনেছে ওয়ালটন এবং তানজিদ হাসান তামিমকে ২ কোটি পয়েন্টে দলে নিয়েছে ফরচুন।
সোমবার (২৬ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে ডি থ্রি ট্রফির খেলোয়াড় নিলাম। ছয়টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
নিলামে এখন পর্যন্ত দুই কোটির বেশি পয়েন্টে দল পাওয়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন শরিফুল ও তাসকিন। তাঁদের মধ্যে সর্বোচ্চ দর পেয়েছেন শরিফুল। বাঁহাতি এই পেসারকে দলে নিতে ২ কোটি ৩০ লাখ পয়েন্ট খরচ করেছে সিটিজেনস ব্যাংক।
পেস আক্রমণ শক্তিশালী করতে তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছে ওয়ালটন। তাঁর জন্য দলটি খরচ করেছে ২ কোটি ১০ লাখ পয়েন্ট। অন্যদিকে, ব্যাটিং বিভাগকে শক্তিশালী করতে ওপেনার তানজিদ হাসান তামিমকে ২ কোটি পয়েন্টে দলে নিয়েছে ফরচুন।
এবারের ডি থ্রি ট্রফিতে অংশ নিচ্ছে ছয়টি দল- একমি, ফরচুন, ওয়ালটন, সেভেন রিংস সিমেন্ট, সিটিজেনস ব্যাংক ও ব্লুস্টার।
এই টুর্নামেন্টে খেলোয়াড় কেনার ক্ষেত্রে অর্থের পরিবর্তে পয়েন্ট ব্যবহার করা হচ্ছে। ছয়টি ফ্র্যাঞ্চাইজিকে নির্ধারিত পয়েন্ট বাজেটের মধ্যে সর্বোচ্চ ২৩ জনের দল গঠন করতে হবে। টি-টোয়েন্টি, ওয়ানডে ও চার দিনের ক্রিকেট—তিন সংস্করণেই অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি