পশ্চিম এশিয়ার নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে: মহসেন রেজাই
সংগৃহীত ছবি
পশ্চিম এশিয়ার (মধ্যপ্রাচ্য) নিরাপত্তা এই অঞ্চলের দেশগুলোকেই নিশ্চিত করতে হবে এবং যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপ ঠেকাতে হবে বলে একমত হয়েছে ইরান, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান।
তেহরানে চার দেশের জ্যেষ্ঠ কর্মকর্তাদের এক বৈঠকের পর ইরানের জাতীয় নিরাপত্তাপ্রধান এই কথা জানিয়েছেন। অন্যদিকে, সামরিক উত্তেজনা এড়াতে আলোচনার ওপর জোর দিয়েছে সৌদি আরব।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাইর বরাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের এক খবরে বলা হয়েছে, তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর এই ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে।
মহসেন রেজাই বলেন, ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর প্রতিরোধের কারণে এই অঞ্চলে এখন একটি নতুন ও ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।
তিনি বলেন, ইরানের জনগণের এই প্রতিরোধের সুফল দিন দিন আরও স্পষ্ট হচ্ছে। চার দেশের কর্মকর্তারা বিশ্বাস করেন, আঞ্চলিক সমস্যার সমাধান চার দেশের একসঙ্গে কাজ করার মধ্যেই নিহিত। তিনি জোর দিয়ে বলেন, পশ্চিম এশিয়ায় নিরাপত্তাব্যবস্থা হতে হবে নিজস্ব এবং যেকোনো বিদেশি হস্তক্ষেপ অবশ্যই রোধ করতে হবে।
এদিকে, সোমবার তেহরানে ইরানের কর্মকর্তাদের সঙ্গে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ভুক্ত দেশগুলোর জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকের পর সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়েছে। এতে ইরানের সঙ্গে পুনরায় সামরিক উত্তেজনায় জড়িয়ে পড়া ঠেকাতে আলোচনার পথ খোলা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইরান যুদ্ধ’ নিরসনে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অবদান রাখতে সংকটে জড়িত পক্ষগুলোর ইতিবাচক ও বাস্তবমুখী অংশগ্রহণ জরুরি। পাশাপাশি ‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ’ অবসানে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতার প্রচেষ্টাকেও সমর্থন জানিয়েছে রিয়াদ।