ভারতের আসামে হোটেলে এলোপাতাড়ি গুলি, নিহত ৫

ভারতের আসামে হোটেলে এলোপাতাড়ি গুলি, নিহত ৫

সংগৃহীত

ভারতের আসামের রাজধানী গুয়াহাটির একটি হোটেলে এলোপাতাড়ি গুলিতে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) রাতে জিএস রোডসংলগ্ন বোরা সার্ভিস এলাকার ‘বিলাস ইন’ হোটেলে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গুলির শব্দ পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ হোটেলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে। পরে হোটেলের বাইরে গুলিবিদ্ধ অবস্থায় আরও একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হোটেল কর্মচারী সত্যেন্দ্র পাঠক গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহতদের মধ্যে হোটেলের মালিক হেলেনা ভরালি, তাঁর ছেলে এষাণ দেবর্ষি কাশ্যপ, ভাই ভূদেব ভরালি, নারায়ণ দাস এবং একজন অজ্ঞাত ব্যক্তি রয়েছেন।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, দীর্ঘদিনের আর্থিক ও সম্পত্তিগত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। হোটেলটি পরিচালনার জন্য প্রায় এক বছর আগে ঘনকান্ত গগৈ নামের এক ব্যক্তিকে লিজ দেওয়া হয়েছিল। লিজ, বকেয়া টাকা ও মালিকানা নিয়ন্ত্রণ নিয়ে হেলেনা ভরালি ও তাঁর পরিবারের সঙ্গে ঘনকান্তের বিরোধ চলছিল।

সোমবার রাতে এ নিয়ে আলোচনার সময় বচসার একপর্যায়ে ঘনকান্ত নিজের লাইসেন্সপ্রাপ্ত পয়েন্ট ৩২ বোরের পিস্তল দিয়ে গুলি চালান বলে অভিযোগ।

ঘটনার পর পালিয়ে পল্টনবাজার এলাকায় আত্মগোপনের চেষ্টা করলে পুলিশ অভিযান চালিয়ে ঘনকান্ত গগৈকে গ্রেপ্তার করে। তাঁর কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে।

গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থসারথি মহন্ত জানিয়েছেন, এটি কোনো জঙ্গি হামলা বা সশস্ত্র ছিনতাইয়ের ঘটনা নয়। ঘটনার বিশদ ফরেনসিক ও ব্যালিস্টিক তদন্ত চলছে।