ভারতে হোটেলে পাঁচজনকে গুলি করে হত্যা, গ্রেপ্তার ১
ছবি সংগৃহীত।
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের রাজধানী গুয়াহাটির একটি হোটেলে গুলিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলও উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) রাতে গুয়াহাটির জিএস রোডসংলগ্ন বোরা সার্ভিস এলাকার ‘বিলাস ইন’ হোটেলে এই ঘটনা ঘটে।
হোটেলের মালিক ও লিজগ্রহীতার মধ্যে বিরোধের জেরে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। বার্তা সংস্থা পিটিআইকে পুলিশ জানায়, লিজগ্রহীতা এ হামলা চালিয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গুয়াহাটির পুলিশ কমিশনার পার্থ সারথি মহন্ত পিটিআইকে বলেন, ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে পাঁচজন মারা গেছেন। বাকি একজন চিকিৎসাধীন। হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তল জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, হোটেলের লিজ চুক্তি নিয়ে সম্পত্তিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
পুলিশ কমিশনার জানান, নিহত সবাই হোটেলমালিকের পরিচিত। লিজগ্রহীতা নিজেই গুলি চালিয়ে তাদের হত্যা করেছেন।
ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে। হামলার আগে ও পরে কী ঘটেছিল, সে বিষয়ে আরও তথ্যের অপেক্ষায় থাকার কথা জানিয়েছে পুলিশ।