চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ফাইল ছবি

রংপুরের মিঠাপুকুরে চোর সন্দেহে গণপিটুনিতে খালিদ হাসান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার উপজেলার ২ নং রানীপুকুর ইউনিয়নের মাদারপুর (খিয়ারচড়া) গ্রামে এ ঘটনা ঘটে।  

নিহত খালিদ হাসান উপজেলার রূপসী গাছুয়াপাড়া গ্রামের সাবেক শিক্ষক মাহবুব ইসলামের ছেলে। তার বাবা স্থানীয় মাদারপুর মাদরাসার শিক্ষক ছিলেন।

এর আগে রবিবার গঙ্গাচড়া উপজেলায় অটো রিকশা চুরির অভিযোগে দুইজন গণপিটুনিতে নিহত হয়েছে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে মাদারপুরের খিয়ারচড়ায় আবু সাঈদেও বাড়ির গোয়াল ঘরে ওই ব্যক্তিকে দেখতে পান বাড়ির মালিক। পরে তাকে গাছে বেঁধে গ্রামবাসিকে ডেকে গণপিটুনি দেয়া হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রমেক মর্গে পাঠায়।  

মিঠাপুকুর থানার ওসি রুহুল আমিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। এ ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।

বাড়ির মালিক আবু সাঈদ পুলিশকে খবর না দিয়ে কেন হত্যা করলো তা তদন্তে বেরিয়ে আসবে।