কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

কুমিল্লায় পুকুরের পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

ছবি সংগৃহীত।

কুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো- বরইয়া গ্রামের বাহরাইনপ্রবাসী জুয়েলের ছেলে জুবায়ের (৪) ও তাঁর ভাই সোহেলের ছেলে আবদুর রহমান (৫)। তারা সম্পর্কে চাচাতো ভাই। তাঁদের বাবারা দুই ভাই এবং দুজনই বাহরাইনে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দুই শিশু বাড়ির পাশে খেলাধুল করছিল। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে বাড়ির পশ্চিম পাশের একটি পুকুরে পড়ে যায় তারা। কিছুক্ষণ পর পুকুরের পানিতে শিশু দুটির মরদেহ ভাসতে দেখে স্বজনেরা চিৎকার শুরু করেন। পরিবারের সদস্যরা দ্রুত গিয়ে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন বলেন, একই পরিবারের দুই শিশুকে হারিয়ে পুরো এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রবাসী দুই ভাইয়ের সন্তানদের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে লালমাই থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।