হার্ট অ্যাটাকের আগে দেখা দিতে পারে যে ১০টি লক্ষণ
ফাইল ছবি
হার্ট অ্যাটাক হঠাৎ করেই হতে পারে। তবে কিছু ক্ষেত্রে এর আগে শরীরে দেখা দেয় সতর্কসংকেত। বুকে চাপ অনুভব করা, শ্বাসকষ্ট, অস্বাভাবিক ক্লান্তি কিংবা ঠান্ডা ঘামের মতো লক্ষণকে অনেকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যান। অথচ এসব লক্ষণ কনো কখনো হার্ট অ্যাটাকের সংকেত হতে পারে। আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, লক্ষণগুলো সবার ক্ষেত্রে এক রকম হয় না।
হার্ট অ্যাটাকের সম্ভাব্য ১০টি সতর্কসংকেত
১. বুকে চাপ বা ব্যথা
বুকের মাঝখানে চাপ, ভারী ভাব, অস্বস্তি কিংবা ব্যথা হার্ট অ্যাটাকের অন্যতম পরিচিত লক্ষণ।
কয়েক মিনিট ধরে এমন অনুভূতি থাকতে পারে, আবার কমে গিয়ে ফিরে আসতে পারে।
২. হাত বা কাঁধে ব্যথা
বুকের অস্বস্তির পাশাপাশি এক বা দুই হাত কিংবা কাঁধে ব্যথা ছড়িয়ে পড়তে পারে।
৩. ঘাড় বা চোয়ালে ব্যথা
ঘাড়, চোয়াল কিংবা পিঠের ওপরের অংশে অস্বস্তি বা ব্যথাও হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে।
৪. শ্বাসকষ্ট
বিশ্রামে থাকা অবস্থায় কিংবা সামান্য কাজ করলেও শ্বাস নিতে কষ্ট হতে পারে।
কখনো কখনো বুকব্যথা ছাড়াও শ্বাসকষ্ট দেখা দেয়।
৫. অস্বাভাবিক ক্লান্তি
কোনো স্পষ্ট কারণ ছাড়াই অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা অনুভূত হতে পারে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে এমন অস্বাভাবিক ক্লান্তি হার্ট অ্যাটাকের সঙ্গে সম্পর্কিত হতে পারে।
৬. ঠান্ডা ঘাম
গরম আবহাওয়া বা শারীরিক পরিশ্রম ছাড়াই হঠাৎ ঠান্ডা ঘাম হতে পারে। বুকের অস্বস্তি বা শ্বাসকষ্টের সঙ্গে এমন লক্ষণ দেখা দিলে সতর্ক হওয়া জরুরি।
৭. বমি বমি ভাব বা বমি
হার্ট অ্যাটাকের সময় বমি বমি ভাব, বমি কিংবা পেটের অস্বস্তি দেখা দিতে পারে। এসব লক্ষণকে কখনো কখনো বদহজম ভেবে ভুল করা হয়।
৮. মাথা ঘোরা বা হালকা লাগা
হঠাৎ মাথা ঘোরা, দুর্বল লাগা কিংবা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অনুভূতিও সতর্কসংকেত হতে পারে।
৯. বদহজমের মতো অস্বস্তি
বুক জ্বালা, পেটের ওপরের অংশে অস্বস্তি কিংবা পেট ভারী লাগার মতো অনুভূতি কখনো হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। বিশেষ করে এর সঙ্গে বুকব্যথা, ঘাম বা শ্বাসকষ্ট থাকলে অবহেলা করা উচিত নয়।
১০. হৃদস্পন্দন দ্রুত বা অনিয়মিত হওয়া
হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত হওয়া কিংবা বুক ধড়ফড় করার অনুভূতি দেখা দিতে পারে। এটি একা হার্ট অ্যাটাকের নিশ্চিত লক্ষণ নয়, তবে অন্য সতর্কসংকেতের সঙ্গে দেখা দিলে গুরুত্ব দিতে হবে।
লক্ষণ দেখা দিলে কী করবেন?
বুকে চাপ বা ব্যথা, শ্বাসকষ্ট কিংবা হার্ট অ্যাটাকের সন্দেহ হয়—এমন লক্ষণ দেখা দিলে অপেক্ষা না করে জরুরি চিকিৎসাসেবা নিন। নিজে গাড়ি চালিয়ে হাসপাতালে যাওয়ার পরিবর্তে জরুরি সহায়তা নিন। লক্ষণ কমে গেলেও চিকিৎসা নেওয়া জরুরি।
মনে রাখতে হবে, এই ১০টি লক্ষণ দেখা দিলেই হার্ট অ্যাটাক হবে, এমন নয়। আবার হার্ট অ্যাটাকের আগে সবার শরীরে লক্ষণ দেখা দেয় না। তাই সম্ভাব্য সতর্কসংকেতকে অবহেলা না করে দ্রুত চিকিৎসা নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।