ছেলের হাতে মা, চাচাতো ভাইদের হামলায় যুবক খুন

ছেলের হাতে মা, চাচাতো ভাইদের হামলায় যুবক খুন

প্রতিকি ছবি

জায়গা জমি নিজের নামে লিখে না দেওয়ায় সিলেটে ছেলের আঘাতে খুন হয়েছেন এক মা। এছাড়া মাছ ধরাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের হামলায় নিহত হয়েছেন এক যুবক। জেলার জকিগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলায় ঘটনা দুটি ঘটে। 

স্থানীয় সূত্র জানায়, রবিবার মধ্যরাতে কোম্পানীগঞ্জ উপজেলার দুপরিরপাড় গ্রামের একটি পুকুরে মাছ ধরার জন্য মেশিন লাগিয়ে সেচ দিচ্ছিলেন ওই গ্রামের কালা মিয়ার ছেলে আক্তার হোসেন ও জাহাঙ্গীর হোসেন। এ সময় প্রতিবেশী মৃত আব্দুল হালিমের সন্তানরা বাধা দেন। বাড়ি ফেরার পথে আবদুল হালিমের ছেলেরা তাদের লোকজন নিয়ে হামলা চালিয়ে আক্তার ও জাহাঙ্গীরকে গুরুতর আহত করেন। সোমবার ভোর ৫টার দিকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আক্তারকে মৃত ঘোষনা করেন। হামলার সাথে জড়িত আবদুল হালিমের ছেলেরা দূরসম্পর্কে নিহত আক্তারের চাচাতো ভাই। 

হত্যাকান্ডের ঘটনায় দুপরিরপাড় গ্রামের আবদুল জলিলের ছেলে জুয়েল আহমদকে (২৮) আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি উছমান গণি। 

এদিকে, জকিগঞ্জ পৌর শহরের পঙ্গবট গ্রামে জায়গা-সম্পত্তি নিজের নামে লিখে না দেওয়ায় ছেলের হামলায় মারা গেছেন এক মা। আহত হয়েছেন পরিবারের আরও চার সদস্য। নিহত পিয়ারা বেগম (৬৩) ওই গ্রামের মৃত ফয়জুল ইসলামের স্ত্রী। রবিবার মধ্যরাতে ওসমানী হাসপাতালে তিনি মারা যান। পুলিশ অভিযুক্ত ছেলে সুমন আহমদকে (৩২) গ্রেফতার করেছে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, জায়গা-সম্পত্তি ও টাকা না দেওয়ায় শুক্রবার সৎমা কুটিনা বেগমকে মারধর করে সুমন আহমদ। পরদিন শনিবার রাত ১১টার দিকে একই দাবিতে সুমন আবারও হামলা করে। এতে তার মা পিয়ারা বেগম, সৎমা কুটিনা বেগম, ভাই শাহীন আহমদ, ভাইয়ের স্ত্রী শাহানা বেগম এবং আড়াই বছরের ভাতিজি ইসরাত জাহান গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় পিয়ারা বেগমকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। 

জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ছেলের হামলায় আহত পিয়ারা বেগম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পরপরই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত সুমন আহমদকে গ্রেফতার করা হয়েছে।