সৈয়দপুরে চিপস কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা
সংগৃহীত
নীলফামারী জেলার সৈয়দপুরে অস্বাস্থ্যকর পরিবেশ, অননুমোদিত রং এবং লবণ ব্যবহার করায় একটি চিপস কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় আলমগীর চিপস কারখানায় অভিযান চালিয়ে ওই জমিানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকলিমা।
এসময় উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জেলা সভাপতি আল আমিন।
জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, চিপসে অননুমোদিত রং ও শিল্প লবণ ব্যবহার, লাইসেন্স না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি ও শুকানো অভিযোগের ভিত্তিতে আজ দুপুরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় কারখানার মালিক আলমগীর হোসেনকে। জরিমানার টাকা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন কারখানার মালিক।