‘সৌদি আরবে শ্রমিক হত্যা ও নির্যাতন বন্ধে সরকারকে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে’

‘সৌদি আরবে শ্রমিক হত্যা ও নির্যাতন বন্ধে সরকারকে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে’

ছবি: সংগৃহীত

সৌদি আরবে বাংলাদেশীসহ প্রবাসী শ্রমিকদের ওপর অমানুষিক নির্যাতন নিপীড়ন, বিচারপ্রক্রিয়ার নামে মৃত্যুদণ্ড, শিরোচ্ছেদ এবং নারী শ্রমিকদের ধর্ষণ ও যৌন নিপীড়ন বন্ধে বাংলাদেশ সরকারকে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক  জননেতা সাইফুল হক। তিনি বলেন, যেসব দেশ শ্রমিকদের ন্যূনতম মানবিক ও শ্রম অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে, সেসব দেশে শ্রমিক পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারকে প্রয়োজনে সাময়িক নিষেধাজ্ঞা দিতে হবে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিপ্লবী শ্রমিক সংহতি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। সৌদি আরবে বিচারের নামে সম্প্রতি দুই বাংলাদেশীর শিরোচ্ছেদের প্রতিবাদে,  প্রবাসী শ্রমিকদের হত্যাকাণ্ড বন্ধ, শ্রমিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রবাসী নারী শ্রমিকদের ওপর যৌন নিপীড়ন বন্ধের দাবিতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে সাইফুল হক বলেন, সৌদি আরবের বিভিন্ন  কারাগারে এখনও  সাত হাজারের বেশি বাংলাদেশি শ্রমিক বন্দি রয়েছেন। এসব শ্রমিকদের আইনী সহায়তা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।  

তিনি ক্ষোভের সাথে বলেন, যে শ্রমিকেরা রেমিট্যান্স পাঠিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছেন, সেই শ্রমিকদের  অমানবিক ও বিভীষিকাময় জীবন কোনোভাবেই তা মেনে নেওয়া যায় না। তিনি প্রবাসী শ্রমিকদের সুরক্ষায় পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দূতাবাসগুলোর জবাবদিহি নিশ্চিত করার দাবি জানান। 

সংগঠনের সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে ও  সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ আলীর সঞ্চালনায় এই বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি মাহমুদ হোসেন, বিপ্লবী শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিপ্লবী যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম, শ্রমজীবী নারী মৈত্রীর সহসভাপতি রাশিদা আক্তার, নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি আনিসুর রহমান মাস্টার প্রমুখ।

সমাবেশ শেষে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।