পাবনায় দুর্বৃত্তদের গুলিতে নিহত ২
প্রতিকি ছবি
পাবনার সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে দুর্বৃত্তদের গুলিতে উপজেলা শ্রমিক লীগের আহ্বায়কসহ দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে জনাকীর্ণ পুষ্পপাড়া হাটে প্রকাশ্যে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- পুষ্পপাড়া হাটের ইজারাদার ও উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুস সালাম (৫০) এবং আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার উমেদ আলী মেম্বরের ছেলে মো. রিপন (৩৮)।
আতাইকুলা থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার সাহা জানান, বৃহস্পতিবার রাতে সালাম ও রিপন পুষ্পপাড়া গরুহাট এলাকায় নিজস্ব কার্যালয়ের সামনে অবস্থান করছিলেন। রাত পৌনে ৮টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত আচমকা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলেই দুজন লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও রাস্তায় তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিবেশ শান্ত করে এবং লাশ উদ্ধারের প্রক্রিয়া শুরু করে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাটের লোকজন এদিক সেদিক ছুটাছুটি করে নিরাপদ আশ্রয় নেয়। হাটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগেও ২০১২ সালে এই একই পুষ্পপাড়া হাটে দুর্বৃত্তরা ব্রাশফায়ার করে ৪ জনকে নির্মমভাবে হত্যা করেছিল।
স্থানীয়দের মতে, ওই ঘটনার দীর্ঘদিন পর আবারও একই কায়দায় জোড়া খুনের ঘটনায় পুরো আতাইকুলা ও আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, জড়িতদের চিহ্নিত করতে ও গ্রেফতারে ইতোমধ্যে বিশেষ অভিযান শুরু হয়েছে। আমিসহ ঘটনাস্থলে পুলিশ পাহাড়ায় পরিবেশ শান্ত রাখার চেষ্টা চলেছে।