ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠান খুলবে হংকংয়ে
ফাইল ছবি
শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া সহযোগী প্রতিষ্ঠান খুলবে হংকংয়ে। আন্তর্জাতিক ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকংয়ে শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকের পরিচালনা পর্ষদ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, সহযোগী প্রতিষ্ঠান গঠনে তিন বছরের মধ্যে প্রাথমিক মূলধন হিসেবে ৬০ লাখ হংকং ডলার বিনিয়োগ করা হবে। নতুন প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য এবং বিনিয়োগের সুযোগ কাজে লাগাতে চায় ব্যাংক এশিয়া।
ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় হংকংয়ে শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান গঠনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। তবে প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনসহ হংকংয়ের প্রচলিত আইন ও বিধিবিধান অনুসারে প্রতিষ্ঠান নিবন্ধন এবং মানি লেন্ডিং লাইসেন্স গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। সব অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর প্রতিষ্ঠানটির কার্যক্রম শুরু করবে।
প্রস্তাবিত সহযোগী প্রতিষ্ঠানটি মানি লেন্ডিং লাইসেন্সের আওতায় কার্যক্রম পরিচালনা করবে। এর মাধ্যমে আন্তর্জাতিক ব্যাংকিং কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি আন্তদেশীয় বাণিজ্য অর্থায়ন ব্যবসা জোরদার করতে চায় ব্যাংক এশিয়া। বিশেষ করে বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে ব্যাংকটির।
হংকংয়ে সহযোগী প্রতিষ্ঠান গঠনের ফলে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগসংশ্লিষ্ট আর্থিক সেবায় ব্যাংকটির অংশগ্রহণ বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। এ উদ্যোগের মাধ্যমে দেশের বাইরে ব্যবসার পরিধি সম্প্রসারণ এবং নতুন বাজারে কার্যক্রম পরিচালনার ক্ষেত্র তৈরি হবে।
এ লক্ষ্যে তিন বছরের মধ্যে প্রাথমিক মূলধন হিসেবে ৬০ লাখ হংকং ডলার বিনিয়োগের অনুমোদন দিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।