৬০ রানেই ৬ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
ছবি: সংগৃহীত
মিরপুর টেস্টের তৃতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ৬০ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। এতে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৮৮ রান।
শুক্রবার (৩০ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস ২৪৫ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৭২ রান করায় ২৭ রানের লিড পায় স্বাগতিকরা।
বল হাতে বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন নাঈম হাসান। তিনি ৩৩ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়া তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট পেয়েছেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তেজনারায়ণ চন্দরপল ৫৬, জন ক্যাম্পবেল ৫৪ এবং জাস্টিন গ্রিভস ৪৬ রান করেন। অধিনায়ক রোস্টন চেজ ৪৩ রানে অপরাজিত থাকেন।
২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। শামার জোসেফের বলে কোনো রান না করেই ফেরেন তানজিদ হাসান। এরপর সাদমান ইসলাম ও নাজমুল হোসেন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন।
তবে রোস্টন চেজের আঘাতে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। একই ওভারে সাদমানকে বোল্ড ও তাওহীদ হৃদয়কে আউট করেন তিনি। সাদমান ১৩ এবং হৃদয় ১ রান করে ফেরেন। পরে নাজমুল হোসেন ১০ রান করে এলবিডব্লিউর শিকার হন।
এরপর জোমেল ওয়ারিক্যানের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন লিটন দাস। তিনি করেন ৪ রান। একই বোলারের বলে বোল্ড হয়ে ৯ রান করে আউট হন মেহেদী হাসান মিরাজ।
৬০ রানে ৬ উইকেট হারানোর পর বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৮৭ রানে। ক্রিজে আছেন জাকের আলী ও তাইজুল ইসলাম। বৃষ্টির কারণে দ্বিতীয় সেশনের খেলা আগেভাগে শেষ হলেও তৃতীয় সেশনে খেলা শুরু হওয়ার পর আবারও উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৫ ওভারে ৬ উইকেটে ৬০ রান করেছে বাংলাদেশ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোস্টন চেজ তিনটি এবং শামার জোসেফ একটি উইকেট নিয়েছেন। জোমেল ওয়ারিক্যান নিয়েছেন দুটি উইকেট।