জেলেদের জালে মিলছে না ইলিশ
ফাইল ছবি
মা ইলিশ রক্ষায় টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমেও কাঙ্ক্ষিত ইলিশের দেখা পাচ্ছেন না পিরোজপুরের জেলেরা। প্রথম দিন মাছ ধরতে গিয়ে অনেক জেলেকে এক-দুটি ইলিশ নিয়েই বাড়ি ফিরতে হয়েছে। এতে হতাশ হয়ে পড়েছেন তাঁরা। নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তার চাল নিয়েও অসন্তোষ জানিয়েছেন জেলেরা।
সরকারি নিষেধাজ্ঞা ২৯ অক্টোবর মধ্যরাতে শেষ হওয়ার পরপরই নৌকা ও জাল নিয়ে নদীতে নামেন জেলেরা। ২২ দিন কর্মহীন থাকার পর তাঁদের প্রত্যাশা ছিল, মাছ ধরে প্রথম কয়েক দিনেই ধারদেনা কিছুটা পুষিয়ে নেবেন। কিন্তু সন্ধ্যা, বলেশ্বর ও কালীগঙ্গা নদীতে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় তাঁদের সেই প্রত্যাশা পূরণ হয়নি।
জেলেরা জানান, নিষেধাজ্ঞার সময় আয়-রোজগার বন্ধ থাকায় অনেকেই ধারদেনা করে সংসার চালিয়েছেন। নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমেও মাছ না পাওয়ায় তাঁদের পরিবার নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সামনের দিনগুলোতেও মাছের পরিমাণ না বাড়লে চরম আর্থিক সংকটে পড়তে হবে।
এদিকে নিষেধাজ্ঞার সময় সরকারি সহায়তার চাল নিয়েও অভিযোগ করেছেন জেলেরা। তাঁদের দাবি, প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও তাঁরা পেয়েছেন ১৮ থেকে ২২ কেজি।
তবে জেলেদের অভিযোগ অস্বীকার করে নির্ধারিত পরিমাণ চাল বিতরণের কথা জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। জেলা মৎস্য কর্মকর্তা সঞ্জীব সন্নামত বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর পরপরই জেলার ২০ হাজার ৯৪৫ জন জেলেকে ২৫ কেজি করে মোট ৫০৩ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ সময়ে এ অঞ্চলে সাধারণত মাছের পরিমাণ বেশি থাকে না। মাছ উজানের দিকে চলে যাওয়ায় নদীতে ইলিশ কম পাওয়া যাচ্ছে।