নাটোরে ৬ দিনব্যাপী আঞ্চলিক কাব ক্যাম্পুরী শুরু
সংগৃহীত
‘আজকের কাব, আগামীর নেতৃত্ব’ শীর্ষক প্রতিপাদ্য বিষয়ে বাংলাদেশ স্কাউটসের ছয় দিন ব্যাপী সপ্তম আঞ্চলিক কাব ক্যাম্পুরী আজ শুরু হয়েছে।
শুক্রবার নাটোরে রানী ভবানী রাজবাড়ী চত্বরে এ আঞ্চলিক কাব ক্যাম্পুরী শুরু হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, রাজশাহী বিভাগের আটটি জেলা ও একটি মেট্রোপলিটনসহ মোট ২৬০টি ইউনিটের কাব স্কাউট, ইউনিট লিডার, স্বেচ্ছাসেবক এবং কর্মকর্তা সহযোগে দুই হাজার ২০০ জন ক্যাম্পুরীতে অংশগ্রহন করছেন। সকল ইউনিটের সংশ্লিষ্ট শিক্ষার্থী এবং ইউনিট লিডারগণ নাটোরে এসে পৌঁছেছেন। আজ শুক্রবার ক্যাম্পুরী শুরু হয়ে আগামী ৪ঠা নভেম্বর শেষ হবে।
ক্যাম্পুরীতে শিশুদের মধ্যে নেতৃত্বে গুণাবলী, শৃংখলা, সৃজনশীলতা, আত্ননির্ভরশীলতা ও সেবার মানসিকতা বিকাশের লক্ষ্যে ক্যাম্পুরী ১২টি উচ্ছ্বাস ও পাঁচটি উৎসবে আয়োজন করা হয়েছে।
এদিকে, ক্যাম্পুরী আয়োজনের সার্বিক প্রস্তুতি সরেজমিনে পর্যবেক্ষণ করেছেন রাজশাহীর ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার। এ উপলক্ষে আয়োজিত সভায় ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার তাৎক্ষণিক সভায় প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।
সভায় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবং জেলা স্কাউটস্রে কমিশনার জান্নাতআরা ফেরদৌস, রাজশাহী আঞ্চলিক স্কাউটসের সম্পাদক মো. সাইফুল হক, আঞ্চলিক পরিচালক মো. সাইফুল ইসলাম, আঞ্চলিক উপ-কমিশনার কাহারুল ইসলাম জয় ও মো. মাছুম বিল্লাহ মাহী এবং ক্যাম্পুরী উপ-কমিটির আহ্বায়কবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জাতীয় সংসদের হুইপ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আগামীকাল শনিবার ক্যাম্পুরীর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। আগামী ৩রা নভেম্বর রাতে ক্যাম্প ফায়ার ও স্মরণিকা প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন।