শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ জনের অভিযোগ গঠনের শুনানি আজ

শাপলা চত্বর হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ জনের অভিযোগ গঠনের শুনানি আজ

ছবি সংগৃহীত।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে আজ (রোববার)।

রোববার (১ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সংক্রান্ত বিষয়ে শুনানির জন্য দিন ধার্য রয়েছে।

এর আগে, গত ৭ অক্টোবর রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়নি। আসামিপক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি পিছিয়ে দেন আদালত। মামলাটির পরবর্তী শুনানির জন্য আজ (রোববার) ১ নভেম্বর দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তারই ধারাবাহিকতায় আজ সেটি শুনানির জন্য রয়েছে।

গত ২৬ সেপ্টেম্বর মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৭ অক্টোবর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। ওইদিন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছিলেন, শাপলা চত্বরের ঘটনায় ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করা হয়েছে। মামলায় শেখ হাসিনাসহ ৩০ আসামি পলাতক। পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও তারা আত্মসমর্পণ না করায় তাদের অনুপস্থিতিতে বিচার শুরুর পাশাপাশি রাষ্ট্রের খরচে তাদের পক্ষে আইনজীবী নিয়োগের আবেদন করে প্রসিকিউশন।

মামলায় গ্রেফতার ১১ আসামিকে আজ সকালে কড়া নিরাপত্তায় কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। তারা হলেন- সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, আব্দুর রাজ্জাক, দীপু মনি, হাসানুল হক ইনু, সাবেক প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রুপা।