তাহসিফের মৃত্যুতে দিশা গ্রেফতার, রিমান্ডে দীপকে জিজ্ঞাসাবাদ

তাহসিফের মৃত্যুতে দিশা গ্রেফতার, রিমান্ডে দীপকে জিজ্ঞাসাবাদ

ছবি সংগৃহীত।

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দিশা নামে এক তরুণীকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে টঙ্গী নৌ পুলিশ।

এদিকে, এ ঘটনায় চার দিনের রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

তাহসিফের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জিজ্ঞাসাবাদে তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত এবং সেসব স্থানে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ।

তবে তার বক্তব্যে অসংগতি পাওয়া গেছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট সূত্র। পরে দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থান পরিদর্শন করেন পিবিআই কর্মকর্তারা।

নৌ পুলিশের সূত্র জানায়, রিমান্ডে দীপের আগের বক্তব্য, পরিবারের করা মামলার অভিযোগ, সিসিটিভি ফুটেজ এবং তদন্তে পাওয়া আলামত মিলিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাহসিফের মৃত্যুর আগে কী ঘটেছিল এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা জানার চেষ্টা করছেন তদন্ত কর্মকর্তারা।

চার দিনের রিমান্ড শেষে দীপের দেওয়া তথ্য যাচাই করে প্রয়োজনে তাকে পুনরায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।