প্রস্রাব বসে নাকি দাঁড়িয়ে করা ভালো? গবেষণায় যা জানা গেল
ছবি সংগৃহীত।
পুরুষের প্রস্রাব করার ক্ষেত্রে বসে থাকা নাকি দাঁড়িয়ে থাকা— কোনটি বেশি স্বাস্থ্যকর, তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। নতুন এক গবেষণায় বলা হয়েছে, সুস্থ পুরুষদের ক্ষেত্রে দুই পদ্ধতির মধ্যে উল্লেখযোগ্য কোনো পার্থক্য নেই। তারা নিজেদের পছন্দ অনুযায়ী যেকোনো ভঙ্গিতে প্রস্রাব করতে পারেন।
‘নিউরোইউরোলজি অ্যান্ড ইউরোডাইনামিকস’ সাময়িকীতে প্রকাশিত গবেষণাটি পরিচালনা করেছেন কলম্বিয়ান ইউরোলজি রিসার্চ গ্রুপের বিজ্ঞানীরা।
গবেষণায় ১৮ থেকে ৩৯ বছর বয়সী ৫২ জন সুস্থ পুরুষ স্বেচ্ছাসেবী অংশ নেন। তাদের বসে ও দাঁড়িয়ে— দুই অবস্থাতেই প্রস্রাব করার সময় পর্যবেক্ষণ করা হয়। অংশগ্রহণকারীদের একাংশ প্রথমে বসে এবং পরে দাঁড়িয়ে প্রস্রাব করেন। অন্য অংশটি এর বিপরীত ক্রম অনুসরণ করেন। দুই পরীক্ষার মধ্যে অন্তত ২৪ ঘণ্টার বিরতি রাখা হয়।
গবেষকেরা প্রস্রাবের সর্বোচ্চ প্রবাহের গতি এবং মূত্রথলি থেকে বের হওয়া প্রস্রাবের মোট পরিমাণ পরিমাপ করেন। ফলাফলে দেখা যায়, বসে বা দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে এসব ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি।
তবে দাঁড়িয়ে প্রস্রাব করার সময় সর্বোচ্চ প্রবাহের গতিতে পৌঁছাতে সামান্য বেশি সময় লেগেছে। গবেষকেরা জানিয়েছেন, এই পার্থক্য চিকিৎসাগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ার সম্ভাবনা কম।
যাদের প্রস্রাবের সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে কী হবে?
আগের কিছু গবেষণায় দেখা গেছে, প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া বা মূত্রনালির সমস্যায় আক্রান্ত পুরুষদের ক্ষেত্রে বসে প্রস্রাব করা তুলনামূলক সুবিধাজনক হতে পারে। এতে পেলভিক ফ্লোরের পেশি শিথিল হওয়া এবং মূত্রথলি কিছুটা ভালোভাবে খালি হওয়ার সম্ভাবনা রয়েছে।
২০১৪ সালে ১১টি গবেষণার তথ্য বিশ্লেষণ করে করা একটি পর্যালোচনায় দেখা যায়, নিম্ন মূত্রনালির উপসর্গ থাকা পুরুষদের ক্ষেত্রে বসে প্রস্রাব করলে মূত্রথলি বেশি খালি হতে পারে। তবে সুস্থ পুরুষদের ক্ষেত্রে বসা ও দাঁড়ানোর মধ্যে তেমন কোনো পার্থক্য পাওয়া যায়নি।
বয়স বাড়ার সঙ্গে অনেক পুরুষের প্রোস্টেট গ্রন্থি বড় হয়ে যায়। এতে মূত্রনালিতে চাপ সৃষ্টি হতে পারে। ফলে প্রস্রাবের গতি কমে যাওয়া, প্রস্রাব করতে চাপ প্রয়োগ করা কিংবা মূত্রথলি পুরোপুরি খালি না হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এ অবস্থায় বসে প্রস্রাব করা কারও কারও জন্য বেশি স্বস্তিদায়ক হতে পারে।
স্বাস্থ্যগত দিক ছাড়াও রয়েছে পরিচ্ছন্নতার বিষয়
প্রস্রাব করার ভঙ্গি নিয়ে বিভিন্ন দেশে সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে। ২০২৩ সালে সাত হাজারের বেশি পুরুষের ওপর করা একটি আন্তর্জাতিক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রে প্রায় ১০ শতাংশ পুরুষ বসে প্রস্রাব করেন। জার্মানিতে এ হার প্রায় ৪০ শতাংশ।
গবেষকদের মতে, সুস্থ পুরুষদের ক্ষেত্রে প্রস্রাবের গতি, সময় কিংবা মূত্রথলি খালি হওয়ার মাত্রায় বসা ও দাঁড়ানোর মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য নেই। তবে পরিচ্ছন্নতার বিষয়টি বিবেচনায় রাখা জরুরি।