সীমান্তে ৩২ স্বর্ণের বারসহ আটক ২

সীমান্তে ৩২ স্বর্ণের বারসহ আটক ২

প্রতিকি ছবি

 

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে ৩২টি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম। আটকৃতরা হলেন- মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আসাদুল (৫০) ও জুয়েল (৩০)। বিজিবির হিসাবে, এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা। 

৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হোসেন রবিরার শেষ বিকালে এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার দুপুরে নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকায় বিওপির  হাবিলদার মো. শামীমুর রহমানের নেতৃত্বে একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় ব্যাগ হাতে সীমান্তের দিকে যাওয়া দুই ব্যক্তিকে সন্দেহ হলে তাদের চ্যালেঞ্জ করেন বিজিবি সদস্যরা। তারা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুজনকে আটক করা হয়। পরে উপস্থিত লোকজনের সামনে ব্যাগটি তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ৩ দশমিক ৯৪১ কেজি। 
তিনি আরও জানান, আটক দুজনকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।